চালক কর্তৃক যাত্রীকে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
February 07, 2026

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে একটি ফেডারেল জুরি উবারকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। এক নারী যাত্রী অভিযোগ করেছিলেন, উবারের এক চালক তাকে যৌন নিপীড়ন করেছেন। জুরি রায়ে উবারকে ওই ঘটনার জন্য দায়ী করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেওয়া এই রায় উবারের বিরুদ্ধে...
উবারের এক চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের একটি আদালত উবারকে ৮৫ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে ফেডারেল আদালতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করা হয়। বিশ্লেষকদের মতে, এই রায় উবারের বিরুদ্ধে চলমান হাজারো অনুরূপ মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। মামলার বাদী জেইলিন ডিনের অভিযোগ, ২০২৩ সালে তিনি উবারের একটি গাড়িতে যাত্রাকালে যৌন নিপীড়নের শিকার হন। তার দায়ের করা মামলাটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে উবারের বিরুদ্ধে একত্রিত হওয়া তিন হাজারের বেশি যৌন নিপীড়ন সংক্রান্ত মামলার মধ্যে প্রথমটির বিচার। এ ধরনের মামলাকে ‘বেলওয়েদার ট্রায়াল’ বলা হয়, যা ভবিষ্যৎ মামলার ক্ষতিপূরণ ও আইনি কৌশল নির্ধারণে দিকনির্দেশনা দেয়। জুরি রায়ে উল্লেখ করেন, অভিযুক্ত চালক উবারের পক্ষ হয়ে সেবা দিচ্ছিলেন এবং তিনি কার্যত কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। এ কারণে চালকের কর্মকাণ্ডের দায় উবারকেই বহন করতে হবে। আদালত ডিনকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন। তবে শাস্তিমূলক ক্ষতিপূরণ (পিউনিটিভ ড্যামেজ) দেওয়ার আবেদন নাকচ করা হয়। বাদীপক্ষ ক্ষতিপূরণ হিসেবে ১৪ কোটি ডলারেরও বেশি দাবি করেছিল। রায়ের পর উবার এক বিবৃতিতে জানায়, আদালত কোম্পানির বিরুদ্ধে আনা অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির অভিযোগ গ্রহণ করেননি। উবারের দাবি, এই রায় প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি যাত্রী নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল এবং এ ���াতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। একই সঙ্গে তারা রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। ডিনের আইনজীবী সারা লন্ডন বলেন, এই রায় উবারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করা হাজারো ভুক্তভোগীর জন্য একটি বড় স্বীকৃতি। তিনি বলেন, ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও এসব ভুক্তভোগী জবাবদিহির দাবি জানিয়ে আসছেন। মামলার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন আইনজীবী জন কার্পেন্টার মনে করেন, রায়টি বহাল থাকলে এটি উবারের বিরুদ্ধে চলমান অন্যান্য মামলার ক্ষতিপূরণ নির্ধারণে একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। মামলার নথি থেকে জানা যায়, ঘটনার রাতে ডিন তার প্রেমিকের বাসা থেকে হোটেলে যাওয়ার জন্য উবার ডাকেন। তিনি তখন মদ্যপ ছিলেন। অভিযোগে বলা হয়, যাত্রাপথে চালক তাকে আপত্তিকর প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে গাড়ি থামিয়ে তাকে ধর্ষণ করেন। ডিনের দাবি, উবার চালকদের মাধ্যমে সংঘটিত যৌন নিপীড়নের ধারাবাহিক ঘটনা সম্পর্কে অবগত থাকার পরও যাত্রী নিরাপত্তা জোরদারে কোম্পানি পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। বিচারের সময় ডিনের আরেক আইনজীবী আলেক্সান্দ্রা ওয়ালশ বলেন, উবার বিশেষ করে রাতে ভ্রমণকারী নারীদের জন্য নিজেকে নিরাপদ পরিবহন হিসেবে প্রচার করেছে। তিনি বলেন, “নারীরা জানে পৃথিবীটা কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু উবার আমাদের বিশ্বাস করিয়েছে, তাদের সেবাটি এসব ঝুঁকি থেকে মুক্ত।” উবার বরাবরই বলে আসছে, তাদের চালকরা স্বাধীন ঠিকাদার, কর্মচারী নন। তাই চালকদের ব্যক্তিগত অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কোম্পানিকে দায়ী করা উচিত নয়। আদালতে উবারের আইনজীবী কিম বুয়েনো বলেন, অভিযুক্ত চালকের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তিনি প্রায় ১০ হাজার ট্রিপ সম্পন্ন করেছিলেন, রেটিংও ছিল প্রায় নিখুঁত। এই মামলার বিচারক ছিলেন যুক্তরাষ্ট্রের জেলা বিচারক চার্লস ব্রেয়ার, যিনি উবারের বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য ফেডারেল মামলাগুলোর তদারকিও করছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় রাজ্য আদালতেও উবারের বিরুদ্ধে ৫০০টির বেশি অনুরূপ মামলা বিচারাধীন রয়েছে। প্রতিদ্বন্দ্বী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফটও একই ধরনের অভিযোগে একাধিক মামলার মুখে রয়েছে।Published: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮
উবার
তথ্যপ্রযুক্তি
Comments
No comments yet
Be the first to share your thoughts!