Home Articles উচ্চশিক্ষা

বুয়েটের নতুন সহ-উপাচার্য অধ্যাপক শরীফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক July 22, 2026
বুয়েটের নতুন সহ-উপাচার্য অধ্যাপক শরীফুল ইসলাম

বুয়েটের নতুন সহ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। সহ-উপাচার্য পদে তিনি অধ্যাপক আবদুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক। সহ–উপাচার্য পদে তিনি অধ্যাপক আবদুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলামকে বুয়েটের সহ–উপাচার্য পদে নিয়োগের কথা জানানো হয়। বুয়েটের অধ্যাদেশ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বুয়েটের চ্যান্সেলরের আদেশে এই নিয়োগের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহ–উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। সহ–উপাচার্য পদে তিনি বর্তমান পদের (অধ্যাপক) সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন ও সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক দেওয়া ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম বুয়েটের চতুর্থ সহ–উপাচার্য। বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ১৯৯৭ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০২ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, পরে সেখান থেকে পোস্ট ডক্টরালও সম্পন্ন করেন।

অধ্যাপক শরীফুল ইসলাম ১৯০টির বেশি গবেষণা প্রবন্ধ, বই ও নকশা নির্দেশিকা প্রকাশ করেছেন। গবেষণার ক্ষেত্রে তাঁর বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়ো ইঞ্জিনিয়ারিং, জলবায়ু-সহনশীল অবকাঠামো, দুর্যোগ-সহনশীল আবাসন, সবুজ নির্মাণসামগ্রী এবং নদীর বালু ও স্থানীয় বর্জ্য উপকরণ ব্যবহার করে আর্থ-ব্লক প্রযুক্তি। তাঁর উদ্ভাবিত ভেটিভারভিত্তিক বায়ো ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে তিনি দেশ-বিদেশ মিলিয়ে ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এ পর্যন্ত তিনি দেশি-বিদেশি ৯০টির বেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে বুয়েটে পূর্ণ অধ্যাপক হন অধ্যাপক শরীফুল। বর্তমানে বুয়েটের পুরকৌশল বিভাগে অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Published: প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৪: ৩৩

Source: https://www.prothomalo.com/education/higher-education/mcy6pednh4

শিক্ষার্থী বুয়েট শিক্ষা মন্ত্রণালয় উচ্চশিক্ষা

Comments

No comments yet

Be the first to share your thoughts!