ভূমিধসে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, অন্ধকারে রাঙ্গামাটি শহর

টানা ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় মাটি ধসে ৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। এতে বৃহস্পতিবার রাত থেকে রাঙ্গামাটি জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা থেকে শহরে বিদ্যুৎ...
টানা ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় মাটি ধসে ৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। এতে বৃহস্পতিবার রাত থেকে রাঙ্গামাটি জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো শহর বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবির রাঙ্গামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, টানা ভারী বর্ষণের কারণে কুতুকছড়ি সাবস্টেশনের আওতাধীন শুকুরছড়ি এলাকায় ৩৩ কেভি লাইনের দুটি খুঁটির গোড়ার মাটি সরে যাওয়ায় সেগুলো হেলে পড়ে। এতে নিরাপত্তার স্বার্থে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত খুঁটি মেরামতে ক্রেন প্রয়োজন। তবে বর্তমানে পিডিবির কাছে কোনো ক্রেন নেই। তাই কর্মীরা আপাতত ম্যানুয়ালি খুঁটি সোজা করার চেষ্টা করছেন। এতে সফল না হলে চট্টগ্রাম থেকে ক্রেন আনার পর মেরামত কাজ শুরু করা হবে। সে ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বিষয়টি জানার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পিডিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব শহরে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
Published: প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৫২
Comments
No comments yet
Be the first to share your thoughts!