বাবাকে বিজয় বলেছিলেন, ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
May 04, 2026

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই রাজনীতির মাঠে রীতিমতো ঝড় তুলেছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রাথমিক গণনার প্রবণতায় টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যেতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক উদ্‌যাপন। ছেলের এই...
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই রাজনীতির মাঠে রীতিমতো ঝড় তুলেছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রাথমিক গণনার প্রবণতায় টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যেতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক উদ্যাপন। ছেলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজয়ের বাবা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে চন্দ্রশেখর জানান, বিজয়ের এই জয় কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের আত্মবিশ্বাসের ফসল। তিনি বলেন, “আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছরে আমি দেখেছি ওর আত্মবিশ্বাস কতটা অবিচল। ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’—এই বিশ্বাস নিয়ে ওর মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। ও এই লক্ষ্যের কথা আগেই বলেছিল।” ছেলের সাহসের প্রশংসা করে তিনি আরও বলেন, কোনো বড় শক্তির সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। এটি তামিলনাড়ুর মানুষের জন্য এক নতুন আশার আলো এবং একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে গণ্য হবে। শুধু বাবা নন, বিজয়ের মা শোভা চন্দ্রশেখরও ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। এদিকে বিজয়ের জয়ের আভাস আসতেই চেন্নাইয়ে তার বাসভবনের সামনে ভক্তদের ঢল নেমেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক এই উত্তেজনার মধ্যেই বিজয়ের বাড়িতে দেখা গেছে তার দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু তৃষা কৃষ্ণানকে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যে নানি ও ভেঙ্কট প্রভুর মতো দক্ষিণী সিনেমার তারকারা বিজয়কে এই অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। ইন্ডিয়া টুডে ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থালাপতি বিজয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন, যা দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:৪৯
Comments
No comments yet
Be the first to share your thoughts!