Home Articles শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক April 30, 2026
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্‌যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল দিনব্যাপী নানা আয়োজন। এসব আয়োজনে স্যার ফজলের জীবন ও কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ‘সেলিব্রেশন অব আবেদ ভাইস লাইফ অ্যান্ড লেগেসি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তির লোগো উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। এ বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরপূর্তি উদ্‌যাপন করা হবে। এসব আয়োজনে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অঙ্গীকার তুলে ধরা হবে। ২০০১ সালের ১৬ জুন ব্র্যাক ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। সকালে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শুরু হয়। এই প্রদর্শনীতে স্যার ফজলে হাসান আবেদের কাজ ও মূল্যবোধ শিক্ষার্থী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। এসব ছবি দর্শনার্থীদের একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে অনুপ্রাণিত করেছে। এ ছাড়া সকালে শুরু হয় দিনব্যাপী ‘স্যার ফজলে হাসান আবেদ ওপেন রেটেড দাবা টুর্নামেন্ট ২০২৬।’ এতে দেশের বিভিন্ন জায়গা থেকে তিন শ জনেরও বেশি দাবাড়ু অংশ নেন। মানুষের সম্ভাবনা বিকাশে স্যার ফজলের অবদানের প্রতি সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনের কর্মসূচির অংশ হিসেবে ‘জীবনের জয়গান’ শীর্ষক একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন ফরিদপুরের ব্র্যাক সেকেন্ডারি স্কুল অব পূর্ব-গঙ্গাবর্দী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ফুটবলাররা। এই ম্যাচের মাধ্যমে স্যার ফজলের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ ও তরুণদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভাবনা তুলে ধরা হয়। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনে ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ সৃজনশীল বিভিন্ন পরিবেশনা। এসব আয়োজনে স্যার ফজলের আদর্শের প্রতিফলন দেখা যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। অনুষ্ঠানের শেষে ফুটবল ম্যাচের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সালাদীন ইরশাদ ইমাম, উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড। তামারা হাসান আবেদ বলেন, ‘আমরা পুরো বছরজুড়ে অনেক আয়োজন করব। এর মধ্যে রয়েছে নিজেদের সাফল্য উদ্‌যাপন, অনেকগুলো পুরস্কার ও স্বীকৃতি দেওয়া এবং একসঙ্গে কাজ করাসহ আরও অনেক কিছু। আমরা নিজেদের মধ্যে, আমাদের পুরো ব্র্যাক পরিবারের মধ্যে এবং বিদেশের পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে চাই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা সৈয়দা সারওয়াত আবেদ ও স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। বিজ্ঞপ্তি

Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২: ৪৩

Source: https://www.prothomalo.com/education/e7y01izitt

স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠানের খবর ক্যাম্পাস ব্র্যাক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা

Comments

No comments yet

Be the first to share your thoughts!