আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার আইওএস অপারেিং সিস্টেমের ‘কন্টিনিউটি’ সুবিধার আদলে ‘কন্টিনিউ অন’ নামের সুবিধা অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে গুগল।
সম্প্রতি অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৬ সম্মেলনে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটি নতুন সুবিধা যুক্তের আভাস দিয়েছে গুগল। সেখানে ‘কন্টিনিউ অন’কে ভবিষ্যতের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে শুরু করা কাজ অন্য ডিভাইসে গিয়ে একই অবস্থান থেকে চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ কোনো ব্যবহারকারী স্মার্টফোনে গুগল ডকসে একটি নথি সম্পাদনা শুরু করলে পরে ট্যাবলেটে গিয়ে সেটি ঠিক আগের অবস্থান থেকেই চালিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে আলাদাভাবে ফাইল খুঁজে বের করা বা নতুন করে কাজ শুরু করার প্রয়োজন হবে না।
তবে সুবিধাটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ডিভাইসগুলোতে একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে।
প্রাথমিকভাবে স্মার্টফোন থেকে ট্যাবলেটে কাজ স্থানান্তরের সুবিধা চালু করা হবে বলে জানা গেছে। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েডনির্ভর অন্যান্য ডিভাইসও এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, গুগলের ভবিষ্যৎ ল্যাপটপ বা ডেসকটপ প্ল্যাটফর্মেও এ সুবিধা যুক্ত হতে পারে।
গুগল জানিয়েছে, ‘কন্টিনিউ অন’–এ দুই ধরনের হ্যান্ডঅফ ব্যবস্থা থাকবে। এর একটি অ্যাপ-টু-অ্যাপ, অন্যটি ওয়েবভিত্তিক। অ্যাপ-টু-অ্যাপ ব্যবস্থায় একই অ্যাপ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। আর কোনো ডিভাইসে প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল না থাকলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়েব সংস্করণ ব্যবহার করেই কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।
সূত্র: নিউজ ১৮
Published: প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩: ০০
Comments
No comments yet
Be the first to share your thoughts!