Home Articles সাইবার–জগৎ

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ

আহসান হাবীব July 06, 2026
আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত না করেই সরাসরি আইপ্যাডে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করা যাবে। ফলে আইপ্যাডকে শুধু সহায়ক (কম্প্যানিয়ন) যন্ত্র বা ডিভাইস নয়, প্রধান যন্ত্র হিসেবেও ব্যবহার করা যাবে।

এত দিন আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য সেটিকে একটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে হতো। কিউআর কোড স্ক্যান করে কম্প্যানিয়ন মোডে আইপ্যাডে অ্যাপটি চালু করা যেত। তবে এ ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা ছিল। কম্প্যানিয়ন মোডে ব্যবহারকারীরা লাইভ লোকেশন শেয়ার করতে পারতেন না। ব্রডকাস্ট তালিকা তৈরি বা দেখার সুযোগও ছিল না। এ ছাড়া হোয়াটসঅ্যাপের ‘ফ্লোজ’ সুবিধা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হতো না। আবার টানা ১৪ দিন প্রধান ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলে আইপ্যাডসহ সব সংযুক্ত ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যেত। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, আইপ্যাডওএসের জন্য হোয়াটসঅ্যাপের ২৬.২৫.৭৪ সংস্করণে ধাপে ধাপে নতুন এ সুবিধা চালু করা হচ্ছে। বর্তমানে এটি সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ব্যবহারকারী সুবিধাটি পাবেন।

আইপ্যাডকে প্রধান ডিভাইস হিসেবে চালুর প্রক্রিয়া স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ নিবন্ধনের মতোই। প্রথমে দেশের কোড ও ফোন নম্বর দিতে হবে। এরপর ছয় অঙ্কের যাচাইকরণ কোড প্রবেশ করালেই অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে। যাঁরা আগে থেকেই হোয়াটসঅ্যাপে পাসকি সুবিধা চালু করেছেন, তাঁরা যাচাইকরণ কোডের পরিবর্তে পাসকি ব্যবহার করতে পারবেন। এতে অ্যাকাউন্টে প্রবেশের প্রক্রিয়া আরও দ্রুত ও নিরাপদ হবে। আইপ্যাডকে প্রধান ডিভাইস হিসেবে সেট করার পর কম্প্যানিয়ন মোডের সব সীমাবদ্ধতা উঠে যাবে। তখন লাইভ লোকেশন শেয়ার করা, ব্রডকাস্ট তালিকা ব্যবহার করা এবং ফ্লোজ সুবিধার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যাবে। একই সঙ্গে প্রধান ফোন দীর্ঘদিন ব্যবহার না করলেও আইপ্যাড থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হওয়ার ঝুঁকি থাকবে না।

তবে নতুন সুবিধা চালু হলেও কম্প্যানিয়ন মোড বন্ধ করছে না হোয়াটসঅ্যাপ। যাঁরা ফোনকে প্রধান ডিভাইস হিসেবে রেখে আইপ্যাডকে সহায়ক ডিভাইস হিসেবে ব্যবহার করতে চান, তারা আগের মতোই এ সুবিধা ব্যবহার করতে পারবেন। প্রথমবার আইপ্যাডে হোয়াটসঅ্যাপ চালুর সময় ব্যবহারকারীদের সামনে দুটি বিকল্প থাকবে। আইপ্যাডকে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহার করা অথবা কম্প্যানিয়ন ডিভাইস হিসেবে যুক্ত করা। আর যাঁরা ইতিমধ্যে কম্প্যানিয়ন মোডে আইপ্যাড ব্যবহার করছেন, তাঁদের নতুন করে কোনো পরিবর্তন করতে হবে না।

সূত্র: ইন্ডিয়া টুডে

Published: প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২: ৪৬

Source: https://www.prothomalo.com/technology/cyberworld/v5yt067a9w

আইফোন আইপ্যাড অ্যাপল হোয়াটসঅ্যাপ

Comments

No comments yet

Be the first to share your thoughts!