১৭ বলে ফিফটি হৃদয়ের, জাকেরের ব্যাটে সেঞ্চুরি

আবাহনীর জাকের আলী খেলেছেন ১৩৩ রানের ইনিংস, মোহামেডানের তাওহিদ হৃদয় ফিফটি করেছেন ১৭ বলে।
ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে স্বল্প ব্যবধানে ফল হয়েছে তিনটি ম্যাচে। রূপগঞ্জ টাইগার্স ১ রানে, লিজেন্ডস অব রূপগঞ্জ ২ রানে এবং বসুন্ধরা স্ট্রাইকার্স ১ উইকেটে জিতেছে।
অন্য তিনটি ম্যাচে জিতেছে মোহামেডান, আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর জাকের আলী সেঞ্চুরি করেছেন, মোহামেডানের তাওহিদ হৃদয় ফিফটি করেছেন ১৭ বলে।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্সকে মাত্র ১ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। শেষ ওভারে ব্রাদার্সের লক্ষ্য ছিল ৮ রান। মহিউদ্দিন তারেকের প্রথম ৪ বলে ৫ রান এলেও পঞ্চম বলে গোলাম কিবরিয়ার উইকেট হারায় ব্রাদার্স। শেষ বলে নাঈম ইসলাম জুনিয়র ১ রান নিলেও আরও এক রানের ঘাটতি থেকেই যায়।
এর আগে রূপগঞ্জ টাইগার্স মোহাম্মদ আবদুল্লাহর অপরাজিত ৮১ ও মাহমুদুল হাসানের ৬৭ রানে ভর করে ৫ উইকেটে ২৩৮ রান করেছিল। ব্রাদার্স থামে ৮ উইকেটে ২৩৭ রানে। রূপগঞ্জ টাইগার্সের এটি প্রথম জয়, ব্রাদার্সের পঞ্চম হার।
শেষ ১০ বলে ১০ রান দরকার, হাতে ৩ উইকেট—এমন ম্যাচ জিততে পারেনি ঢাকা লেপার্ডস। বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের করা ২৫০ রান তাড়া করতে নেমে লেপার্ডস শেষ দিকে টানা উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৪৮ রানে থেমে যায়। শেষ তিন উইকেটের ২টি নিয়েছেন শাহরিয়ার আহমেদ, সর্বশেষটি সামিউন বাসীর।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বসুন্ধরা স্ট্রাইকার্স ১ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। প্রথমে ব্যাট করে সিটি শাকিল হোসেনের ৬৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৩১ রান করে।
রান তাড়ায় স্ট্রাইকার্স ৯ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায়। আবদুল গাফফার সাকলায়েনের করা ৫০তম ওভারের পঞ্চম বলে ৪ মেরে জয় নিশ্চিত করেন ইরফান হোসেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী জিতেছে জাকের আলীর সেঞ্চুরিতে ভর করে। চার নম্বরে নামা এই ব্যাটসম্যানের ১৩৩ রানের ইনিংসে চড়ে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান করে আবাহনী। জাকের ১০৩ বলের ইনিংসে ৯ ছক্কা ও ১০ চারে এই রান করেন।
আবাহনীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান আসে উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামের ব্যাট থেকে। রান তাড়ায় প্রাইম ব্যাংক ৪৫.৩ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে ১০৫ রানে ম্যাচ হারে। প্রাইমের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শামীম হোসেন। ষষ্ঠ ম্যাচের আবাহনী এটি চতুর্থ জয়।
মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা অগ্রণী ব্যাংককে মাত্র ১৩৩ রানে আটকে ফেলে মোহামেডান। মোহাম্মদ সাইফউদ্দিন ও মুশফিক হাসান নেন ৪টি করে উইকেট। রান তাড়ায় মোহামেডান মাত্র ১ উইকেট হারিয়ে ১১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।
মাত্র ১৭ বলে ফিফটি করেন তাওহিদ হৃদয়, যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। সর্বশেষ আসরে আবাহনীর হয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন পারভেজ হোসেন। আজ হৃদয় শেষ পর্যন্ত ২৪ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১০টি চার।
৬ রাউন্ড শেষে ১০ পয়েন্ট করে মোহামেডান ও প্রাইম ব্যাংকের। তবে রান রেটে এগিয়ে মোহামেডান। আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ৮ করে, রান রেটে এগিয়ে তিনে আবাহনী। গুলশান ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে হারানো গাজী গ্রুপ ক্রিকেটার্স আছে ছয়ে, পাঁচে ঢাকা লেপার্ডস। এ ছাড়া সিটি ক্লাবকে ১ উইকেটে হারানো বসুন্ধরা স্ট্রাইকার্স তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে।
Published: আপডেট: ২০ মে ২০২৬, ১২: ৫৭
Source: https://www.prothomalo.com/sports/cricket/qw32e0839t
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!