হোম আর্টিকেল বাংলাদেশ

১০ হাজারের মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক May 06, 2026
১০ হাজারের মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১০ হাজার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা দেয়নি। এগুলো উদ্ধারে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

জমা দিতে বলার পরও ১০ হাজারের মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য এসব অস্ত্র উদ্ধার ও উদ্ধার করে বাজেয়াপ্ত এবং মামলা করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন তিনি।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় লাইসেন্সভুক্ত অস্ত্র ফেরত দেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল মাঠপর্যায়ে। তাতে দেখা গেছে, ১০ হাজারের মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়নি। সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য, মামলা করার জন্য আবারও তাদের (ডিসি) অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনানুগভাবে কতটা অগ্রগতি অর্জন হয়েছে বা যেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি, বাজেয়াপ্ত করা হয়নি, সে বিষয়ে তাঁদের (ডিসি) তৎপর হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ও নীতিবহির্ভূতভাবে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো যাচাই–বাছাই করার জন্য জেলা পর্যায়ে কমিটি করে দেওয়া হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১: ০৬

Source: https://www.prothomalo.com/bangladesh/0fmt0e4gi1

আগ্নেয়াস্ত্র সালাহউদ্দিন আহমেদ সম্মেলন

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!