Home Articles প্রযুক্তি

ইউএপিতে অনুষ্ঠিত হলো আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রযুক্তি ডেস্ক August 31, 2026
ইউএপিতে অনুষ্ঠিত হলো আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নামে ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয়েছে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ইউএপির উপাচার্য ছিলেন।

প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর (জেআরসি) নামে ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয়েছে আইসিপিসি-জেআরসি আন্তকলেজ এবং আন্তইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬। ইউএপির প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব (পিসিসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে গত শনিবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ইউএপির উপাচার্য ছিলেন।

এ আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ইউএপির শিক্ষার্থীসহ মোট ২৭০ প্রতিযোগী অংশ নেন। চার ঘণ্টাব্যাপী প্রতিযোগিতায় আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) আদলে প্রতিযোগীরা বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করেন। প্রতিযোগিতার উত্তর স্বয়ংক্রিয়ভাবে যাচাই এবং ফলাফল তাৎক্ষণিকভাবে প্রদর্শনের জন্য ছিল স্কোরবোর্ড। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ইনোভেটিভ স্কিলস লিমিটেড।

আন্তকলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দল ‘দেশ’ দল। দলটি প্রতিযোগিতায় ১০টি সমস্যা সমাধান করে এবং পুরস্কার হিসেবে পেয়েছে ২১ হাজার টাকা। ৭টি সমস্যার সমাধান করে প্রথম রানার-আপ হয়েছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার ‘ওয়ালিজামানী’ দল। এ দল ১৮ হাজার টাকা পুরস্কার পেয়েছে। ৬টি সমস্যার সমাধান করে দ্বিতীয় রানার-আপ হয়েছে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘সুগোই দেশু নে’ দল। পুরস্কার হিসেবে পেয়েছে ১৫ হাজার টাকা।

ইউএপির শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তইউএপি প্রতিযোগিতার সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘ইউএপি_করুটিন’। দলটি ৩টি সমস্যা সমাধান করে পুরস্কার হিসেবে পেয়েছে ১২ হাজার টাকা। ২টি সমস্যা সমাধান করে প্রথম রানার-আপ হয়েছে ‘কম্পাইলার_ক্রু’। ১টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার-আপ হয়েছে ‘দে_কিছু_একটা’ দল।

জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘দেখি!!’ দল, এরা ৫টি সমস্যা সমাধান করেছে। প্রথম রানার-আপ হয়েছে ‘রিজকো’ (৫টি) এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে ‘অ্যালগরিদম_অ্যাভেঞ্জার্স’ (৪টি)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কে এম মোজিবুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্ত্রী সেলিনা নওরোজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ আলাউদ্দিন, জামিলুর রেজা চৌধুরীর মেয়ে অধ্যাপক কারিশমা চৌধুরী, ইউএপির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক জি. আর. আহমেদ জামাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিিয়ারিং বিভাগের অধ্যাপক আবুল লাইস এম এস হক, ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সালমা বেগম। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএপির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং আইসিপিসি-জেআরসি আন্তকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর প্রতিযোগিতার পরিচালক অধ্যাপক নাসিমা বেগম।

এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিকাশে প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর (জেআরসি) অসামান্য অবদানকে স্মরণ করা এবং তাঁর কর্ম ও আদর্শের উত্তরাধিকার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। আইসিপিসি ফাউন্ডেশন ইউএপিকে ৫০ হাজার মার্কিন ডলারের একটি তহবিল প্রদানের উদ্যোগ গ্রহণ করে। ফলে আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তির নীতিমালা প্রণয়ন করা হয়। প্রতি সেমিস্টারে মোট ১০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

গত শনিবার আয়োজনের অংশ হিসেবে আইসিপিসি-জেআরসি বৃত্তি প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। ফল ২০২৪ ও স্প্রিং ২০২৫—দুই সেমিস্টারে আইসিপিসি-জেআরসি বৃত্তি প্রদান করা হয়েছে। মোট ২০ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

Published: প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৫: ০৭

Source: https://www.prothomalo.com/technology/zs97moibgt

প্রতিযোগিতা প্রযুক্তি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রোগ্রামিং প্রতিযোগিতা

Comments

No comments yet

Be the first to share your thoughts!