Home Articles ���েলা

জাজিরায় তিন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রতিনিধি May 17, 2026
জাজিরায় তিন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুরের জাজিরায় তিনটি স্থানে ঝটিকা মিছিল করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে মিছিল হয়।

মিছিল করার তিনটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ভিডিওগুলো তাঁদের ফেসবুকে পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, শনিবার রাতে ৪০-৫০ জন ব্যক্তি একটি সড়কে মিছিল করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, রাতে আরেকটি স্থানে কয়েকজন সড়কের ওপর হাতে মোমবাতি নিয়ে মিছিল করছেন। রোববার সকালের একটি ভিডিওতে দেখা যায়, গ্রামের একটি পাকা সড়কে ৫০-৬০ জন মানুষ মাস্ক পরে মিছিল করছেন। মিছিলে শখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এ সময়গুলোতে প্রকাশ্যে আর ওই সংগঠনের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন সময় ঝটিকা মিছিল, অল্প সময়ের জন্য সড়ক অবরোধ, বিভিন্ন দিবস ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করেছে। প্রতিটি কর্মসূচির পরে পুলিশ বিভিন্ন থানায় ওই নেতাদের বিরুদ্ধে মামলা করেছে।

জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, ‘আমার নজরে এমন তথ্য আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যম অনেক বড় জায়গা। সব আমাদের নজরে থাকে না।’

Published: প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১: ৪৬

Source: https://www.prothomalo.com/bangladesh/district/p7mpiemfpi

পুলিশ মিছিল শরীয়তপুর ফেসবুক জাজিরা ঢাকা বিভাগ ছাত্রলীগ আওয়ামী লীগ

Comments

No comments yet

Be the first to share your thoughts!